Logo

সারাদেশ

মিরসরাইয়ে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় চাকরিজীবীর মৃত্যু

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৮:০৩

অ
মিরসরাইয়ে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় চাকরিজীবীর মৃত্যু

আব্দুল হাই। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে বেপরোয়া গতির অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আব্দুল হাই ওরফে এনামুল হক (৫৫) নামের এক চাকরিজীবী নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চৈতন্যেরহাট বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক উপজেলার ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাজী গ্রামের শেখ আহমদ হাজী বাড়ির হোসনেজ্জামানের ছেলে। তিনি চট্টগ্রাম শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠান ইস্পাহানি অফিসে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতের ছেলে মুমিন রাজু বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার সকালে আব্বা চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে চৈতন্যেরহাট বিশ্বরোড এলাকায় গেলে বেপরোয়া গতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মারা যান। খবর পেয়ে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আব্বার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। আব্বা ইস্পাহানি অফিসে অফিসার পদে কর্মরত ছিলেন। কর্মস্থলে প্রথম জানাজা শেষে একই দিন বাদ আসর আমাদের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সকালে আব্বা আমাদের সবার সঙ্গে হাসিখুশি কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। কে জানত, সেটাই হবে তাঁর শেষ কথা! আমরা দুই ভাই, এক বোন—এখন সবাই এতিম হয়ে গেলাম।’

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নাম্বারে একাধিকবার ফোন দিলেও সংযোগ স্থাপন সম্ভব হয়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘সকালে মহাসড়কের চৈতন্যেরহাট বিশ্বরোড এলাকায় বেপরোয়া গতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আব্দুল হাই ওরফে এনামুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাফায়েত মেহেদী/এআরএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন