Logo

সারাদেশ

বরিশালে নতুন সাজে সাতলার শাপলা বিল

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

বরিশালে নতুন সাজে সাতলার শাপলা বিল


সকালের রোদে টলটল পানি। তাতে ফুটে রয়েছে শাপলা। যেন বিছিয়ে রাখা হয়েছে লাল-সবুজ নকশিকাঁথা। ভোরের আলোয় সেই নকশিকাঁথার বুক চিরে এগিয়ে চলে ছোট ছোট নৌকা। বাতাসে দুলতে থাকা অগণিত শাপলা, মৃদু ঢেউ আর চারপাশে পাখির ডাক। 

সবমিলিয়ে বরিশালের উজিরপুরের সাতলা বিল হয়ে ওঠে প্রকৃতির এক মায়াময় চিত্রকর্ম। এ যেন জলের বুকে ভেসে থাকা লাল শাপলার স্বর্গরাজ্য। তাইতো মায়াবী এ রূপের টানেই প্রতিবছর দূর- দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ।

তবে সাতলার এই সৌন্দর্য শুধু চোখ জুড়ানোর নয়, স্থানীয় মানুষের আয়েরও উৎস হয়ে উঠেছে। শাপলা দেখতে আসা পর্যটকদের নিয়ে অর্ধশতাধিক নৌকা চলে বিলে, শাপলা বিক্রি করে আয় করেন স্থানীয়রা। 

প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের সঙ্গে এবার যুক্ত হচ্ছে নতুন সাজ। সাতলার শাপলার বিলকে আরও আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে তুলতে প্রবেশদ্বারে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেট ও ভিউ পয়েন্ট।  পাশাপাশি পর্যটকদের নৌভ্রমণ ও চলাচলের সুবিধায় ঘাটলাসহ বিভিন্ন অবকাঠামো তৈরির কাজও এগিয়ে চলছে। ফলে লাল শাপলার নকশিকাঁথার ওপর এখন আঁকা হচ্ছে সম্ভাবনাময় স্থানীয় অর্থনীতির নতুন ছবি।

উজিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছর ১৫ লাখ ও চলতি বছর ৫ লাখ টাকার কাজ হচ্ছে। পটিবাড়ি ও মুড়িবাড়ি দুটি ভিউ পয়েন্ট। বর্তমানে মুড়িবাড়ি ভিউ পয়েন্টে তোরণ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। শুধু টাইলসের কাজ রয়েছে; যা চলতি সপ্তাহে শেষ হবে। 

প্রথম পর্যায়ে প্রবেশপথ, ভিউ পয়েন্ট ও ঘাটলা নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পর্যটকদের বসার স্থান, নিরাপদ নৌযান চলাচল, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থাও করা হবে জানিয়েছে সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসন সূত্রে আরো জানা গেছে, উজিরপুরের পর্যটন সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে সাতলা বিলে দশ হাজার একরজুড়ে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। বিলের সৌন্দর্য নিয়ে স্থিরচিত্র ও ভিডিওচিত্র তৈরি এবং সামাজিক মাধ্যমে প্রচারের উদ্যোগও নেওয়া হয়েছে। 

স্থানীয় প্রশাসনের আশা, পরিকল্পিত এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সাতলার শাপলার বিল আরও আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হবে।

বিকে/মান্নানি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন